admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২১ ১০:০৯ অপরাহ্ণ
বাংলাদেশ থেকে যারা আফগানিস্তান আহ্বানে সাড়া দিয়ে ‘হিজরত’ গিয়েছে তারা দেশে ফিরলেই গ্রেপ্তার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশ থেকে যারা আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের আহ্বানে সাড়া দিয়ে ‘হিজরত’ করে সেদেশে গেছে, তারা দেশে ফেরার চেষ্টা করলেই গ্রেপ্তার করা হবে। ডিএমপি সদরদপ্তরে নিজ কার্যালয়ে আজ সোমবার সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়ে তিনি বলেন, দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
এ ক্ষেত্রে শুধু পুলিশ নয়, বরং সকল পক্ষের সহযোগিতা কামনা করেন তিনি। শফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার পরই তালেবানরা ঘোষণা করবে যে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র তারা। যুদ্ধে আমেরিকাকে পরাজিত করে আফগানিস্তানকে স্বাধীন করার কথাও বলবে তালেবানরা। আর তাদের এসব কথা তরুণদের, বিশেষ করে যারা জিহাদ করতে চান, ভেতর উৎসাহ তৈরি করবে। ভারতীয় উপমহাদেশসহ সব দেশেই তালেবানের এই ঢেউ লাগবে।
বাংলাদেশের গোয়েন্দারা এসব নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। ডিএমপি কমিশনার বলেন, আগামীতে যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, দেশের সব লেভেলেই তা অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা উচিত। একই সঙ্গে সে অনুযায়ী প্রস্তুতিও রাখতে হবে আমাদের। প্রস্তুতি আমাদের আছে, তবে যে ঢেউটা শুরু হবে সেটা মোকাবেলার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু পুলিশ নয়, এ ব্যাপারে প্রত্যেক অভিভাবক এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সকলের সহযোগিতা প্রয়োজন।
হঠাৎ করে যদি কারো সন্তান অথবা কোনো ছাত্র কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, সেক্ষেত্রে দ্রুত পুলিশকে বিষয়টি জানানো উচিত। বাংলাদেশে জঙ্গিবাদ প্রসঙ্গে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, এক সময় আফগানিস্তান থেকে ফেরত আসা বাংলাদেশিরাই কিন্তু হরকাতুল জিহাদ (হুজি) এবং জেএমবিসহ অন্যান্য জঙ্গিগোষ্ঠী তৈরি করেছিল। তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল- কাশ্মিরে গিয়ে যুদ্ধ করা। তাদের ধারণা ছিল, যেহেতু আফগানিস্তানে যুদ্ধ করে জয়লাভ করা সম্ভব হয়েছে তাই কাশ্মিরেও যুদ্ধ করে জয়লাভ করা যাবে। কিন্তু নানাবিধ কারণে তারা সফল হতে পারেনি।