admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২১ ৯:০২ পূর্বাহ্ণ
বাংলাদেশ-তুরস্ক বাণিজ্যে আশার আলো। চলমান করোনা মহামারির মধ্যে বাংলাদেশের সঙ্গে তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। বরং এ ক্ষেত্রে আশার আলো দেখছেন ঢাকায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মোস্তাফা ওসমান তুরান। শুক্রবার রাতে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সিলেটে বিনিয়োগের সুবিধাবলি’ শীর্ষক এই সভায় ‘গেস্ট অব অনার’ হিসেবে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, করোনাকালে ঢাকা-আঙ্কারার মধ্যে প্রায় ৯০০ মিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। এটি অত্যন্ত আশাব্যঞ্জক।
রাজনৈতিক স্থিতিশীলতার কারণে উভয় দেশের বাণিজ্যি আগামীতে আরো বাড়বে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, তুরস্ক-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক বেশ শক্তিশালী। এটি আরো বাড়াতে আঙ্কারা আগ্রহ প্রকাশ করায় আমাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তুরস্ক কনস্ট্রাকশনের জন্য বিখ্যাত হলেও বাংলাদেশে এ খাতে কোনো কাজ করে না তারা। ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের মিলের কারণে বাংলাদেশে তুরস্ক সুপরিচিত উল্লেখ করে তিনি আরো বলেন, বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে তুরস্কে লেখাপড়া করছে।
বাংলাদেশের জন্য এই সংখ্যা আরো বাড়ানোর জন্য তুর্কি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির ডেপুটি কো-অর্ডিনেটর আহমেদ ফারুক মোস্তাগ্লু, সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরী, তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাউদ্দিন কাশেম খান প্রমুখ।