admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২১ ১১:২৩ পূর্বাহ্ণ
বাংলাদেশে ৫ মাস বাড়ার পর কমল এলপিজি গ্যাসের দাম। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলপিজির দাম টানা ৫ মাস বাড়িয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি। মাসে মাসে সমন্বয়ের কথা বলে দাম বাড়ানোর পর এবার একইভাবে কমানো হয়েছে। বৃহস্পতিবার এলপিজির দাম পুনর্নির্ধারণ করার বিষয়টি জানিয়েছে সংস্থাটি, যা আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে কার্যকর হবে। নতুন আদেশ অনুযায়ী, প্রতি কেজিতে ৭ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ৪৯ শতাংশ দাম কমিয়ে মূসকসহ ১০২ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর ফলে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারে ৮৫ টাকা কমে ভোক্তা পর্যায়ের দাম পড়বে ১২২৮ টাকা। যা নভেম্বরে ছিল ১৩১৩ টাকা। ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম অক্টোবরে ১২৫৯ টাকা ও সেপ্টেম্বরে ১০৩৩ টাকা, আগস্টে ৯৮৬ টাকা, জুলাইয়ে ৮৯১ টাকা ও জুনে ৮৪২ টাকা ছিল। রান্নার কাজে ব্যবহৃত এই গ্যাসের দাম দফা দফায় একটানা বাড়ায় ক্ষোভ প্রকাশ করে আসছেন গ্রাহকরা। একইভাবে সাড়ে ৫ কেজি, ১২ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের দামও পুননির্ধারণ করা হয়েছে।
বিইআরসির নতুন হারে ডিসেম্বর থেকে বেসরকারিভাবে রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির প্রতি কেজির দাম ধরা হয়েছে মূসকসহ ৯৯ টাকা ০৮ পয়সা। যানবাহনের জ্বালানির অটোগ্যাস বা এলপিজির দাম মূসকসহ লিটারপ্রতি ৫৭ টাকা ২৪ পয়সা পড়বে। তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকছে। এদিন সংস্থাটি জানায়, ডিসেম্বরে প্রোপেন ৭৯৫ ডলার এবং বিউটেন ৭৫০ ডলার করার কথা জানিয়েছে সৌদি আরবের আরামকো কর্তৃপক্ষ। সে হিসাবে এ দুটির মিশ্রণের দাম পড়ে ৭৬৫ দশমিক ৭৫ ডলার। এর সঙ্গে সমন্বয় করেই প্রতি মাসে এলপিজির দাম পুননির্ধারণ করা হয়।