admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২১ ১১:০৯ পূর্বাহ্ণ
বাংলাদেশে মোবাইল সিমের ইন্টারনেট সেবা বিঘ্নিত। দেশে হঠাৎ করেই মোবাইল সিমে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। আজ শুক্রবার ভোর থেকেই এই সমস্যা দেখা দিয়েছে। আগাম কোনো ঘোষণা না থাকায় বিপাকে পড়েছেন লাখ লাখ গ্রাহক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে দেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।
গ্রাহকদের পক্ষ থেকে এ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে মোবাইল অপারেটরগুলো দুঃখ প্রকাশ করলেও এর বেশি কিছু বলতে রাজি হয়নি। গ্রাহকরা ফোন করে সমস্যার কারণ জানতে চাইলে তারা কারিগরি ত্রুটির কথা উল্লেখ করেনি। অনেকে বলছেন, এর সঙ্গে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় যে ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটেছে, তার সম্পর্ক রয়েছে। ইন্টারনেটে গুজব ছড়ানো বন্ধ করতেই সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে।
গত বুধবার যখন কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে সহিংসতা হয়, তখন সেখানে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। তারপর পরীক্ষামূলকভাবে ধাপে ধাপে আরও পাঁচটি জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। আজ শুক্রবার ভোর থেকে সারা দেশের গ্রাহকরাই এই সমস্যায় পড়েছেন। বিটিআরসির একটি সূত্র জানিয়েছে, বিকেল নাগাদ এই সমস্যার সমাধান হতে পারে।