admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২০ ৭:২৬ পূর্বাহ্ণ
বাংলাদেশে বাড়লো স্বর্ণের দাম, বিশ্ববাজার স্থিতিশীল। বিশ্ববাজারে স্বর্ণের দাম না বাড়লেও দেশীয় বাজারে সব ধরনের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৪৪৯ টাকা টাকা। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে না বাড়লেও দেশীয় বাজারে বেড়েছে স্বর্ণের দাম সংস্থাটি জানায়, নতুন করে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৪৫৮ টাকা। যা আগে ছিল ৭৪ হাজার ৯ টাকা। শুক্রবার থেকেই স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।
তথ্যটি নিশ্চিত করে বাজুস সভাপতি এনামুল হক খান দোলন বলেন, গত কয়েক মাসে বিশ্ববাজারে স্বর্ণের দাম খুব উঠা-নামা করছে। কিন্তু গত তিন সপ্তাহ ধরে মূল্য প্রায় একই রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ায় বিদেশ থেকে এখন সরবরাহও ভালো আসছে। তার পরও ডলারের বিপরীতে টাকার বিনিময় হার দুর্বল। তাই দাম বাড়াতে বাধ্য হয়েছি।
ব্যাগেজ রুলসের আওতায় দুবাই, সিঙ্গাপুর ও কাতার থেকে সবচেয়ে বেশি সোনা আসে উল্লেখ করে তিনি বলেন, করোনার আগে ১ দিরহাম কিনতে ২৩ টাকা ৪০ পয়সা লাগতো। কিন্তু বর্তমানে দাম বেড়েছে। এখন প্রায় ২৪ টাকা করে লাগছে। এমতাবস্থায় দাম না বাড়ালে প্রবাসীদের মুনাফা হবে না বিধায় এ সিদ্ধান্ত। তবে আন্তর্জাতিক বাজার অনুযায়ী দাম না বাড়ালেও চলতো।
সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৬ হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬৪ হাজার ৫৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ ৫৪ হাজার ২৩৮ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আগের নির্ধারিত ৯৩৩ টাকাই থাকবে।
সাধারণত বাংলাদেশের বাজারে কোন দামে স্বর্ণ বিক্রি হবে, তা নির্ধারণ করে বাজুস। বিশ্ববাজারে দাম বৃদ্ধি-হ্রাসের ওপর নির্ভর করে এই দাম নির্ধারণ করে থাকে তারা। এক্ষেত্রে বিশ্ববাজারের সাপ্তাহিক দামের গড় ভিত্তিতে কী পরিমাণ দাম বাড়বে না কমবে, সে হিসেবে সিদ্ধান্ত নেয়া হয়।