admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২১ ১২:৫২ অপরাহ্ণ
বাংলাদেশে ডেঙ্গুর চিকিৎসায় গড় ব্যয় ৩৪ হাজার টাকা ! সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। সরকারি হিসাবেই চলতি বছর এখন পর্যন্ত ২৬ হাজার ছাড়িয়েছে ডেঙ্গু রোগী। এর মধ্য ৯৮ জনের মৃত্যু হয়েছে, চিকিৎসাধীন রয়েছেন ৫৫৫ জন এবং বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতলে ভর্তি হওয়া রোগীদের তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার এই হিসাব প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাড়িতে চিকিৎসা নেয়া রোগীর তথ্য যোগ করা গেলে এই সংখ্যাটি অনেক বড় হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
ফলে ২০১৯ সালে লক্ষাধিক লোক ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর এবারই সবচেয়ে বেশী সংক্রমণের খবর মিলছে। এমতাবস্থায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় নিয়ে একটি গবেষণা করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ, বিআইডিএস। সংস্থাটির রিসার্চ ফেলো ড. আবদুর রাজ্জাক সরকারের তত্ত্বাবধানে পরিচালিত গবেষণায় দেখা গেছে, ডেঙ্গু রোগী প্রতি গড়ে প্রায় ৩৪ হাজার টাকা খরচ হয়।
গত দুই বছরে ডেঙ্গু রোগীর চিকিৎসার ব্যয় কমার বদলে বেড়েছে ৫-১০ শতাংশ পর্যন্ত। একজন ডেঙ্গু রোগীর গড়ে খরচ হয় সরকারি হাসপাতালে ২২ হাজার ৩৭৯ টাকা, বেসরকারিতে ৪৭ হাজার ২৩০ টাকা। ফলে দরিদ্র পরিবারকে ডেঙ্গুর চিকিৎসায় মোট আয়ের ৩৯ শতাংশ পর্যন্ত খরচ করতে হচ্ছে, বলছে গবেষণা। গবেষণার বিষয়ে ড. আবদুর রাজ্জাক জানান, ২০১৯ সালে ডেঙ্গু মহামারির অর্থনৈতিক প্রভাব সম্পর্কে ধারণা নিতে গবেষণাটি পরিচালনা করা হয়। এতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ১১৭৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্যের ভিত্তিতে এটি করা হয়। ২০২০ সালের ১৫ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সংগ্রহ করা তথ্যের ওপর গবেষণার ফল প্রকাশ করা হয়েছে।