admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২১ ৯:০৮ পূর্বাহ্ণ
বাংলাদেশে জাতীয় সরকার গঠনের প্রস্তাব সঙ্কট নিরসনের জন্য। দেশে চলমান রাজনৈতিক সঙ্কট নিরসন করতে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজাতিন্ত্রক দল, জেএসডি। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে এ প্রস্তাব দেন দলটির সভাপতি আ স ম আবদুর রব। সভায় জাতীয় সরকারের একটি প্রস্তাবনা তুলে ধরেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। লিখিত প্রস্তাবনায় বলা হয়, শাসন প্রক্রিয়া ও সমাজে গভীর ক্ষত ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এ থেকে উত্তরণে গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন দরকার।
মুক্তিযুদ্ধের চেতনায় নৈতিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে ‘জাতীয় সরকার’ গঠন করা জরুরি। ঐকমত্যের ভিত্তিতে এই সরকারের গঠন, রূপরেখা ও মেয়াদকাল নির্ধারিত হবে। জেএসডির পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের লক্ষ্যে ১৩ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে দেশ পরিচালনার নীতি তৈরি, সাংবিধানিক ব্যবস্থা পুনরুজ্জীবিত করে প্রতিষ্ঠানগুলো প্রতিস্থাপন এবং আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা।
এ ছাড়া রাজবন্দীদের মুক্তি দেয়া, সকল গায়েবি মামলা প্রত্যাহার এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা উল্লেখ করা হয়েছে দাবিনামায়। প্রস্তাবনা বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সমাজের অংশীজনের মতামত নিয়ে চূড়ান্ত করার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, বুদ্ধিজীবীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেএসডি প্রধান আসম রব বলেন, ১৯৭২ সালে জাতীয় বিপ্লবী সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেটি উপেক্ষা করায় ৫০ বছরেও জনগণকে অভ্যন্তরীণ পরাধীনতার বিরুদ্ধে লড়তে হচ্ছে। এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা উত্থাপন করলাম। এটিই এখন সংকট উত্তরণের মৌলিক রাজনৈতিক পদক্ষেপ। এ সভায় আরো বক্তব্য রাখেন- গণফোরামের (একাংশ) মোস্তফা মহসিন মন্টু, বিল্পবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম প্রমুখ।