admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২১ ১০:১২ অপরাহ্ণ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৮০ শিশু হাসপাতালে, আইসিইউতে ৭ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিন তথা গত ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকা শিশু হাসপাতালে ৮০ শিশু ভর্তি হয়েছে। যা একদিনে ভর্তির ক্ষেত্রে রেকর্ড। একই সঙ্গে তাদের মধ্যে ৭টি শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছে বলে জানা গেছে। ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সফি আহমেদ আজ শনিবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮০ শিশু ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

বিগত বছরের তুলনায় এ বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি। ডা. সফি আহমদ বলছেন, চলতি বর্ষা মৌসুমে মশার প্রজনন বেড়ে গেছে, কারণ নগরী নোংরা ড্রেন পরিষ্কার না করা এবং বাসাবাড়ির চারপাশে ময়লা-আবর্জনার স্তূপ রয়েছে। নগরীকে যদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যেত এবং মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করা যেত তাহলে মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এ অবস্থায় ডেঙ্গু থেকে রক্ষায় এসব স্থান পরিষ্কার রাখার পাশাপাশি মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার আহ্বান জানান তিনি। ঢাকা শিশু হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে গত কয়েক বছরের মধ্যে ডেঙ্গু রোগীর রেকর্ড হয়েছে। হাসপাতালটিতে চলতি মাসের ২১ দিনেই শিশু রোগী ভর্তি হয়েছে ২৩২ জন। এর আগে ২৪ ঘণ্টায় ৭৬ জন রোগী ভর্তি হয়েছিল শিশু হাসপাতালে।