admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২১ ৫:৫২ অপরাহ্ণ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আড়াই শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে। এডিশ মশবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরো আড়াই শতাধিক নতুন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিবৃতিতে আজ শনিবার এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকার হাসপাতাগুলোতেই ভর্তি হয়েছেন ২১৯ জন। এ ছাড়া ঢাকার বাইরে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৮ জন। বিবৃতিতে বলা হয়, বর্তমানে ১ হাজার ৪০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৫৪ জন। এ ছাড়া দেশের অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৮৬ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ১৪ আগস্ট (শনিবার) পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ৯০২ জন। একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৮৩৮ জন ডেঙ্গু রোগী।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেঙ্গু সন্দেহে ২৪টি মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে আইইডিসিআরের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি যে, এর মধ্যে কোনো মৃত্যু ডেঙ্গুজনিত কারণে হয়েছে কি না।