admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২০ ৫:০১ অপরাহ্ণ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা বাংলাদেশে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পহেলা এপ্রিল থেকে শুরু হওয়ার কথা এই পরীক্ষা। এপ্রিলের প্রথম সপ্তাহে নতুন তারিখ ও রুটিন জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আগে থেকেই এটা পরিকল্পনা করা হয়েছিল, পরিস্থিতির দাবি মেটাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে করোনাভাইরাসের সতর্কতার অংশ হিসেবে ৩১শে মার্চ পর্যন্ত বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রনালয়। ছুটি থাকাকালীন এই সময়টিতে শিক্ষার্থীরা যেন বাড়িতেই থাকেন সেটি নিশ্চিত করতে অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া সব কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা মানে এই নয় যে তারা সর্বত্র ঘুরে বেড়াবে, কোচিংয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যেন করোনাভাইরাসের সংক্রমণ না হয়। এটাকে হালাকাভাবে নেয়ার সুযোগ নেই। অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সেটা নিশ্চিত করতে হবে।