admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২১ ৩:০২ অপরাহ্ণ
বাংলাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ৩০ ডিসেম্বর। এবারের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল মিলবে আগামী ৩০ ডিসেম্বর। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওইদিন (৩০ ডিসেম্বর) সকালে এই সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বই বিতরণ কর্মসূচির যাত্রা শুরুর পর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলের সার-সংক্ষেপ তুলে দেয়া হলে তা ঘোষণা করবেন তিনি।
এরপর সংশ্লিষ্ট ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। প্রাথমিকভাবে ২৭ ডিসেম্বর ফল প্রকাশের কথা জানানো হলেও প্রধানমন্ত্রীর বিদেশ সফরের কারণে তা পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর করা হয়। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানান, ফলাফল প্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। প্রধানমন্ত্রীর সম্মতিতে ৩০ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে। করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ের সাড়ে ৮ মাস পরে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এ বছর। এতে অংশ নেন ২২ লাখের বেশি পরীক্ষার্থী।