admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২০ ৮:১২ পূর্বাহ্ণ
বাংলাদেশে আসবে ১০ কোটি ভ্যাকসিন, দাম পড়বে ২০০-৫০০ টাকা। কোভিড-১৯ ভ্যাকসিনের প্রতি ডোজের দাম ২০০ থেকে ৫০০ টাকা করে পড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ বুধবার অধিদপ্তরের নতুন ভবনে কোভিড-১৯ এবং স্বাস্থ্য বিষয়ক হালনাগাদ তথ্য অবহিতকরণ সভায় তিনি এ তথ্য জানান।
কোভিড-১৯ এবং স্বাস্থ্য বিষয়ক হালনাগাদ তথ্য অবহিতকরণ সভা, স্বাস্থ্য বিভাগের ডিজি বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ও গ্যাভি থেকে ৬ কোটি ৮০ লাখসহ মোট ৯ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। ইতোমধ্যে উভয় প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তি সম্পন্ন হয়েছে। জনসাধারণের জন্য প্রতি ডোজের দাম পড়বে ২০০ থেকে ৫০০ টাকা।
তিনি বলেন, ভ্যাকসিন আনার পর পরই সেগুলো মাঠ পর্যায়ে প্রয়োগ করতে হবে। কোল্ড চেইন মেনটেইন সংরক্ষণ, পরিবহন ও বিতরণ করতে হবে। বেক্সিমকো সেগুলো মাঠ পর্যায়ে পৌঁছানোর জন্য জেলা পর্যন্ত সরবরাহ করে দেবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির পরিচালক ডা. সামসুল হক বলেন, এই দুটি প্রতিষ্ঠান ছাড়াও চীনের সিনোভ্যাক, রাশিয়ার স্পুটনিক, যুক্তরাষ্ট্রের সানোফি, ফাইজারের মতো ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে সরকার। যেটা আগে আসবে সেটাই নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি।
সভায় আরো উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, এমআইএস বিভাগের পরিচালক ও লাইন ডাইরেক্টর ডা. মো. হাবিবুর রহমান, এমআইএস (মেডিক্যাল বায়োটেকনোলজি) বিভাগের ডিপিএম মো. মারুফুর রহমান অপু, সিডিসি পরিচালক ও লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. ফরিদ হোসেন মিয়া, আইসিডিডিআরবির পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।