admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২০ ৯:২২ পূর্বাহ্ণ
বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি রুটে রেল যোগাযোগ শুরু হবে এ মাসেই। ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি রুটে রেল যোগাযোগ শুরু হবে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো মজবুত হবে বলেও জানান তিনি। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করে তেঁতুলিয়া বেরং কমপ্লেক্সে বন্দর সংশ্লিষ্টদের সঙ্গে সোমবার বিকেলে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
হাইকমিশনারের কাছে এ সময় ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধার গুরুত্ব তুলে ধরেন। সেইসঙ্গে বিভিন্ন সমস্যার কথা তুলে তা সমাধানের ওপরও গুরুত্বারোপ করেন। মোহাম্মদ ইমরান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এই সম্পর্ক আমরা আরো এগিয়ে নিতে চাই চিলাহাটি ও হলদিবাড়ি রুটে রেল যোগাযোগ শুরুর মাধ্যমে। তিনি বলেন, দুই দেশের মধ্যকার এই সীমান্ত এলাকা দিয়ে যাতায়াত ও ব্যবসা বাণিজ্য চলমান রয়েছে। সুতরাং সেখানে কী কী সমস্যা ও সম্ভাবনা রয়েছে, সেটা দেখার জন্যই আমি এখানে এসেছি। কারণ সমস্যা ও সম্ভাবনার কথা জানা থাকলে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়।
পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আনিসুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং বাংলাবান্ধা স্থলবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি হয়ে এক সময় রেল যোগাযোগ ছিল। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের সময় সেটি বন্ধ হয়ে যায়। সম্প্রতি বাংলাদেশ ও ভারত সরকার তা পুনরায় নির্মাণ করে চালুর উদ্যোগ নেয়।