admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২১ ৮:৩২ অপরাহ্ণ
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান অব্যাহতি পেলেন। সায়েম সোবহান আনভীরকে আত্মহত্যার প্ররোচনার মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আজ বুধবার পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) গ্রহণ করে এ আদেশ দেন। এর আগে গত ১৯ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে গুলশান থানা পুলিশ।
এতে রাজধানীর গুলশানে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যার ঘটনায় সায়েম সোবহান আনভীরের প্ররোচনায় সম্পৃক্ততা পাওয়া যানি বলে উল্লেখ করা হয়। পুলিশের ওই প্রতিবেদনের গ্রহণযোগ্যতা বিষয়ে গতকাল মঙ্গলবার শুনানির দিন ধার্য ছিল। মামলার বাদী নুসরাত জাহান তানিয়ার পক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন এদিন সকালে চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। বিচারক ওই আবেদনের ওপর শুনানি শেষে নথি পর্যালোচনায় আদেশের জন্য রাখেন।
এর পর আজ বুধবার (১৮ আগস্ট) বিকেলে আদালত নারাজির আবেদন নাকচ করে পুলিশের দেওয়া ওই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আদেশ দেন। আদেশে মামলার দায় থেকে সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দেওয়া হয়। প্রসঙ্গত, রাজধানীর গুলশানের একটি বাড়িতে গত ২৬ এপ্রিল মারা যান মোসারাত জাহান মুনিয়া নামের এক কলেজ ছাত্রী।
এ ঘটনায় তার বড় বোন নুসরাত জাহান তানিয়া আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গুলশান থানায় একটি মামলা করেন। এতে সায়েম সোবহান আনভীরকে একমাত্র আসামি করা হয়। পরে প্রায় ৩ মাসের তদন্ত শেষে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।