admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২১ ১২:০৭ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের ছেলে-নাতির বিরুদ্ধে পরোয়ানা। মোশতাকের ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু ও নাতি খন্দকার ইফতেখার আহমেদ শাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বুধবার কুমিল্লার ৩ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম মাহবুব খান এ আদেশ দেন। প্রতারণার মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী মো. ইফতেখার হোসেন জানান, মামলাটিতে আসামি করা হয়েছে ইশতিয়াক, তার ছেলে ইফতেখার ও কেয়ারটেকার নিজামুদ্দিনকে। মামলাটি করেছেন খন্দকার মোশতাকের ভাগ্নে খন্দকার জাবির আহমেদ সরোয়ার।
তিনি উত্তরাধিকার সূত্রে খন্দকার পরিবারের সম্পত্তির ওয়ারিশ। কানাডায় পলাতক থাকা খন্দকার ইশতিয়াক ও খন্দকার ইফতেখারের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে। সন্ত্রাসী তৎপরতা, জালিয়াতির মাধ্যমে পরিবারিক সম্পত্তি বিক্রি এবং বিভিন্ন ধরনের অপরাধে অভিযুক্ত করা হয়েছে তাদের।
মামলার বাদী খন্দকার জাবির জানান, খন্দকার কবির উদ্দিন আহমেদের ৫ ছেলে ও ৫ মেয়ে, যাদের একজন খন্দকার মোশতাক আহমেদ। দাদার নামে ট্রাস্ট, বাড়ি ও মাজার অন্যায়ভাবে দখল করেছেন মোশতাক পুত্র খন্দকার ইশতিয়াক। এ ছাড়া সন্ত্রাসী তৎপরতার দ্বারা অন্য ওয়ারিশদের সম্পত্তি জবরদখল, হয়রানি এবং জালিয়াতির মাধ্যমে বেশ কিছু সম্পত্তি বিক্রি করেন তিনি।
এ মামলার অপর আসামি নিজাম উদ্দিন বর্তমানে জামিনে রয়েছেন বলে জানিয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি নজরুল ইসলাম। প্রথম দুই আসামি বিদেশে পলাতক থাকায় পরোয়ানা হাতে পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।