admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২২ ৭:৫৪ পূর্বাহ্ণ
বগুড়ায় ৩ ছাত্রলীগ নেতার মাথা থেকে প্রায় এক বছর পর বের করা হলো ৯ বুলেট! ঘটনার প্রায় এক বছর পর এসে ৩ ছাত্রলীগ নেতার মাথা থেকে ৯টি রাবার বুলেট বের করা হয়েছে। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করায় সেগুলো চিহ্নিত হয়। বগুড়ার একটি ক্লিনিকে গত শুক্রবার, ৭ জানুয়ারি, অস্ত্রোপচারের মাধ্যমে বুলেটগুলো বের করা হয়। বছর খানেক আগে সংঘর্ষের একটি ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ওই বুলেটগুলো ব্যবহার করেছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, যাদের মাথা থেকে বুলেট বের করা হয়েছে তারা হলেন- ধুনট উপজেলার গোসাইবাড়ি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিয়ান রবিন (২৩), গোসাইবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আকাশ (২৩) এবং ভান্ডারবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হুদয় (২২)।
সূত্র বলছে, এদের মধ্যে আকাশের মাথা থেকেই ৫টি বুলেট বের করা হয়েছে। এ ছাড়া রবিন ও হৃদয়ের মাথা থেকে ২টি করে মোট ৪টি বুলেট বের করা হয়। এর কিছু দিন আগে ধুনট উপজেলা হাসপাতালে নাসিম নামে আরেক ছাত্রলীগ নেতার মাথা থেকেও ২টি বুলেট বের করা হয়।জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ার ধুনট উপজেলা পরিষদ সড়কে গত বছরের ১৩ ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি এবং ১০০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
একই সঙ্গে লাঠিচার্জও করা হয়। ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। এর মধ্যে ধুনট উপজেলা যুবলীগের সভাপতিও রয়েছেন। এ বিষয়ে ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন জানান, ধুনট উপজেলা আওয়ামী লীগের একটি গ্রুপের হামলার সময় ঘটনার দিন পুলিশ রাবার বুলেট ছুড়লে ছাত্রলীগের ৪ নেতার মাথায় গুলি বিদ্ধ হয়। সম্প্রতি তারা অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করে দেখা যায়, তাদের মাথায় বুলেট রয়েছে। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে তাদের মাথা থেকে বুলেটগুলো বের করে আনা হয়।