admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লার ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে কাহালু উপজেলার কালাই ইউনিয়নের তিনদীঘি বাজারে এ হামলার ঘটনা ঘটে। নির্বাচনী গণসংযোগকালে বিএনপির নেতাকর্মীরা এ হামলা করেছেন বলে দাবি ডা. জিয়াউল হক মোল্লার।
ডা. জিয়াউল হক মোল্লা জানান, কাহালু উপজেলার তিনদীঘি এলাকায় গণসংযোগে গেলে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। তারা মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ডা. জিয়াউল হক মোল্লার নাক দিয়ে রক্ত ঝরছে। কর্মীরা তাকে ভাঙচুর করা গাড়িতে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
অপরদিকে ডা. জিয়াউল হক মোল্লার অভিযোগ অস্বীকার করে কাহালু উপজেলা বিএনপির সভাপতি ফরিদুর রহমান বলেন, হামলা হয়েছে এমন কথা শুনেছি। তবে কারা হামলা করেছে সে বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
কাহালু থানার (ওসি) সেলিম রেজা বলেন, ডা. জিয়াউল হক নির্বাচনী প্রচরণার কাজে ওই এলাকায় গিয়েছিলেন। পরে সেখানে হামলার ঘটনা ঘটে। বিএনপির লোকজনেরা হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ করেনি কেউ।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান বলেন, প্রতীক পাওয়ার আগে কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। এটা নির্বাচনী আচরণবিধিমালা পরিপন্থি। ডা. জিয়াউল হক মোল্লার নির্বাচনী প্রচারণা চালানো বিষয়ে আজকে দুপুরে এক প্রার্থী অভিযোগ করেছিলেন।