admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জুন, ২০২৫ ২:০১ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ায় ২২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাত ২ টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলো, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ভোটহাট এলাকার হাবিবুর রহমানের ছেলে রুবেল শেখ (২৮) ও এই উপজেলার দেওয়ানী খামার বাগভান্ডার এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে লাবলু মিয়া (৩২)।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আতোয়ার রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুরাদপুর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেন বিভিন্ন যানবাহনে। এসময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও দুই মাদক কারবারিকে আটক করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। এসময় তার মাদক কাজে ব্যবহৃত একটি হিরো হাংক মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরো জানান, মাদক কারবারির সাথে জড়িত এই দুই ব্যক্তিকে আটকের পর শিবগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।