admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২১ ২:৩৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী রূপপুরে পারমাণবিক চুল্লি উদ্বোধন করলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বহুল প্রতীক্ষিত পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেশার ভ্যাসেল উদ্বোধন করেছেন। আজ রোববার, ১০ অক্টোবর, বেলা পৌনে ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমান।

এ সময় অন্যদের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. সৌকত আকবর, স্থানীয় সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, প্রকল্পের ঠিকাদার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটমের অন্যতম প্রধান নির্বাহী এলেক্সে লিখাচেভ ও অন্যান্য রুশ বিশেষজ্ঞ এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, গত বছরের অক্টোবরে রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য এ রিঅ্যাক্টর প্রেশার ভ্যাসেলটি দেশে পৌঁছে।
ভ্যালেসটি জলপথে ১৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়া থেকে বাংলাদেশে আনা হয়। এতদিন সেটি স্থাপনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো প্রস্তুত করা হয়। রিঅ্যাক্টর প্রেশার ভ্যাসেলকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের হৃৎপিণ্ড বলা হয়। পারমাণবিক চুল্লিটির ওজন ৩৩৩ দশমিক ৬ টন। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই রিঅ্যাক্টর প্রেশার ভ্যাসেল। এখানেই থাকে চুল্লির মূল জ্বালানি। এখান থেকেই বিদ্যুৎ সাপ্লাই হয়।
কৃষ্ণ সাগর ও সুয়েজ খাল পাড়ি দিয়ে এটিকে বাংলাদেশের মোংলা বন্দরে আনা হয়। সেখান থেকে নদীপথে ঈশ্বরদীর পাকশীর পদ্মা নদী হয়ে রূপপুরে নেওয়া হয়। প্রসঙ্গত, ১ লাখ ১৩ হাজার কোটির বেশি টাকা ব্যয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আর্থিক দিক বিবেচনা করলে দেশের সবচেয়ে বড় প্রকল্প এটি। প্রকল্পটির সিংহ ভাগ খরচ, ৯০ হাজার কোটি টাকার বেশি, নির্বাহ করা হচ্ছে রুশ সরকারের দেওয়া ঋণে।