admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২০ ৯:২৬ পূর্বাহ্ণ
সম্প্রতি কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তারকে ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তাকে সমবেদনা ও সান্ত্বনা দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী সিনহার মাকে টেলিফোন করেন। এ সময় তিনি তাকে সান্ত্বনা দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন। সেইসঙ্গে আর্থিক সহায়তারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
এ সময় সিনহা মো. রাশেদ খানের পরিবারে পক্ষ থেকে খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন।
ওই ঘটনায় ইতোমধ্যে ২১ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সেইসঙ্গে ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে।