admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২১ ৭:৪৯ পূর্বাহ্ণ
সেই ইকবাল কক্সবাজার থেকে গ্রেপ্তার। কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রেখে আসা সেই ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এর আগে সিসিটিভির ফুটেজ দেখে তাকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে বৃহস্পতিবার, ২১ অক্টোবর, দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম। তাকে কুমিল্লায় পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, সিসিটিভির ফুটেজ দেখে কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখা ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তবে ওই ব্যক্তিকে লুকিয়ে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। তাকে গ্রেপ্তার করতে পারলেই আরো তথ্য পাওয়া যাবে।
তার আগে বুধবার রাতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইকবাল হোসেনকে শনাক্ত করার কথা জানান কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি বলেন, পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে গদা কাঁধে নিয়ে হেঁটে যান ইকবাল হোসেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ আরো জানায়, ঘটনার পর তদন্তে নামা পুলিশের কয়েকটি দল সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে। দীর্ঘ অনুসন্ধানে ইকবাল হোসেনকে শনাক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এবার তাকে গ্রেপ্তারের চেষ্টা শুরু হয়েছে। ইকবাল ‘ভবঘুরে’ জানা গেলেও রাজনৈতিক কোনো দলের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তার আগে গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়াদিঘির উত্তরপাড়ে দর্পণ সংঘের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। ঘটনা জানাজানি হলে ওই মণ্ডপে হামলা ও ভাঙচুর চালায় একদল লোক। একই সঙ্গে ওই ঘটনার জেরে দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটে। কয়েকজন প্রাণ হারানোর পাশাপাশি বেশ কিছু লোক আহত হয়েছেন।