admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ
বিএস বিদ্যুৎ ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেপরোয়া গতির বাসটির চাপায় দুই মোটরসাইকেলের তিন আরোহী মারা যান ও আহত হয়েছে ২ জন। তাদের প্রত্যকের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গেছে।
সোমবার ( ১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কর পৌর শহরের চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন-পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার ( ৪২), মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভিস চন্দ্র (৩৫) ও জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে বাসটির সঙ্গে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এ সময় স্থানীয়রা আহত তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তিনজনকেই মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এ ব্যাপারে পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান, চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।