admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ
পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সেখানে মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টাইন সেন্টার রজনীগন্ধা ভবনে তাকে রাখা হয়েছে। এর আগে ঢাকা মহানগর হাকিম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রিজন ভ্যানে করে সম্প্রতি নানা কারণে আলোচিত ও সমালোচিত এই নায়িকাকে কারাগারে নেওয়া হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল জলিল। কারা সূত্রে জানা গেছে, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে মাদক মামলায় গ্রেপ্তার নায়িকা পরীমনিকে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু তিনি ডিভিশনপ্রাপ্ত নন, তাই কোয়ারেন্টাইন পিরিয়ড শেষে তাকে বিচারধীন অন্যান্য সাধারণ বন্দির সঙ্গে রাখা হবে।
এর আগে শুক্রবার বিকেলে চিত্রনায়িকা পরীমনির করা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল। একই সঙ্গে তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকেও কারাগারে পাঠানো হয়। তার আগে এদিন বেলা ১২টার দিকে দুই দিনের রিমান্ড শেষে পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুকে আদালতে হাজির করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি।
এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে, পরীমনির জামিনের আবেদন করে শুনানি করেন তার আইনজীবী মজিবুর রহমান। এ ছাড়া জামিন বাতিল চেয়ে শুনানি করেন রাষ্ট্রীয় পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে তাদের পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার আগে গত ৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরীমনির বনানীর বাসায় গত ৪ আগস্ট দিবাগত রাতে কয়েক ঘণ্টার অভিযান শেষে তাকে ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। ওই অভিযানে পরীমনির বাসা থেকে বিভিন্ন প্রকারের বিপুল মাদকদ্রব্য জব্দ করার দাবি করে আইনশৃঙ্খলা বাহিনী। পর দিন ৫ আগস্ট দুই জনের বিরুদ্ধে মাদক আইনে বনানী থানায় মামলা করে র্যাব-১।