admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল-মামুন বোদা, পঞ্চগড়, প্রতিনিধিঃ বেপোরোয়া গতির ট্রাক্টর কেড়ে নিল শিক্ষিকার জীবন যশোদা রানী। পঞ্চগড়ের বোদা উপজেলায় ইটবাহী ট্রাক্টরের চাপায় যশোদা রানী (৩৫) নামে স্কুল এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ সময় অতুল চন্দ্র বর্মন (৪৮) নামে অপর এক শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা ও ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্রাক্টরটিতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করেছে।
আজ সোমবার সকালে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ফুটকিবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যশোদা ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের নন্দগছ এলাকায়। তিনি ওই এলাকার রাজিব চন্দ্র রায়ের স্ত্রী। আহত অতুল চন্দ্র বর্মন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বাড়িও একই এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে সহকর্মী অতুল চন্দ্র রায়ের মোটরসাইকেলে চড়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন যশোদা। তারা বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছলে সড়কের পাশে থাকা বালিতে পিছলে মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় পঞ্চগড়গামী একটি ইটবোঝাই ট্রাক্টর বেপরোয়া গতিতে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহত অতুলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে ঘটনার পরপরই ট্রাক্টর ফেলে চালক ও তার সহকারীরা পালিয়ে যান। বিক্ষুব্ধ স্থানীয় মানুষ ও শিক্ষার্থীরা কিছু সময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পরে তারা ট্রাক্টটিতে আগুন ধরিয়ে দেয়।
বোদা থানার ওসি সুজয় চন্দ্র রায় ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে। তবে নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
