সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় উপজেলা তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্থানীয় প্রশাসন সিভিল প্রশাসন, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সাথে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয়, দায়িত্ব বন্টন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পঞ্চগড় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরুসহ সেনাবাহিনী, র্যাব, আনসার ও ভিডিপি, জেলা নির্বাচন অফিসার এবং বিজিবি রংপুর রিজিয়নের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিজিবি মহাপরিচালক জানান, বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অর্পিত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।
ভোটারগণ যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শংকামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা সম্পূর্ণ নিরাপদ রেখেই সারা দেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবে।
তিনি জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, বিশেষ ব্রিফিং, আইনানুগ দায়িত্ব পালনের নির্দেশনা, আচরণবিধি এবং পরিস্থিতি মোকাবিলায় ঝঞঢ অনুশীলন সম্পন্ন করা হয়েছে।
ভোটকেন্দ্র, ব্যালট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে শান্ত, পেশাদার ও আইনসম্মতভাবে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি’র হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (ছজঋ), র্যাপিড অ্যাকশন টিম (জঅঞ), বিশেষায়িত্ব ক-৯ ডগ স্কোয়ার্ড, ড্রোন এবং বডি-অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।
বিজিবি মহাপরিচালক আরও বলেন, পঞ্চগড় জেলা একটি গুরুত্বপূর্ণ পর্যটন এবং সীমান্ত এলাকা। সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে।
সভা শেষে বিজিবি মহাপরিচালক দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন যে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে। বর্ডার গার্ড বাংলাদেশ সংবিধান ও আইনের আলোকে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন অব্যাহত রাখবে।
এর আগে তিনি হেলিকপ্টার যোগে তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে তেঁতুলিয়ায় স্থাপিত বিজিবির বেইস ক্যাম্প পরিদর্শন করেন এবং বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন ও বিভিন্ন দিকনির্দেশনা দেন।হেলিকপ্টার দেখতে স্থানীয় শতশত মানুষ ভিড় করে।