admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২১ ৫:০২ অপরাহ্ণ
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে এবার আরও একটি মামলা করা হয়েছে। মামলায় মির্জার ভাই শাহাদাত হোসেনকে দ্বিতীয় ও ছেলে মির্জা মাশরুর কাদের তাসিককে তৃতীয় আসামি করা হয়েছে। সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতে মামলাটি করেন বীর মুক্তিযোদ্ধা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি খিজির হায়াত খানের স্ত্রী আরজুমান পারভীন।
বাদী পক্ষের আইনজীবী জানান, মেয়র আবদুল কাদের মির্জা ও তার লোকজন গত ৮ মার্চ সন্ধ্যায় কোম্পানীগঞ্জের বসুরহাটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। তখন হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে।
সেসময় এ ঘটনায় মামলার বাদী আরজুমান পারভীন কোম্পানীগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। ফলে, সোমবার আদালতে মামলাটি করেন পারভীন। আদালতের বিজ্ঞ বিচারক এসএম মোসলেউদ্দিন মিজান বিকাল ৩টায় মামলাটির শুনানির সময় নির্ধারণ করেছেন। প্রসঙ্গত এর আগে রোববার একই আদালতে আবদুল কাদের মির্জাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে আলাউদ্দিন হত্যার ঘটনায় একটি মামলা করা হয়।