admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২০ ৩:২৯ অপরাহ্ণ
নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সোমবার মানবপাচার আইনে দায়ের করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরার আদালত। এর আগে গত ১৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ইভানকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মানবপাচারের সঙ্গে আন্তর্জাতিক দালাল চক্রের কে বা কারা জড়িত তা জানার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। পরে ইভানের উপস্থিতিতে ঢাকা মহানগর হাকিম মাহমুদা বেগম ৭ দিনের রিমান্ড শুনানির জন্য ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেন। আজ সোমবার শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, ইভান শাহরিয়ার সোহাগকে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আদালত পর দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এতে বলা হয়, ইভান অন্য আসামিদের সহযোগিতায় বাংলাদেশ থেকে ভুক্তভোগীদের নাচ শিখিয়ে ভালো বেতনে চাকরি দেওয়ার নামে বিদেশে পাঠিয়ে যৌন নিযার্তন চালানো হয়। তাদের লোভনীয় বেতন ও সুযোগ-সুবিধায় সরল মনে বিশ্বাস করেন ভুক্তভোগীরা।
মামলার আসামিরা হলেন- আলামিন হোসেন ওরফে ডায়মন্ড (২৬), আজম খান (৪৫), নাজিম (৩৬), স্বপন হোসেন (২৮), এরশাদ ও নির্মল দাস (এজেন্ট), আলমগীর, আমান (এজেন্ট) ও শুভ (এজেন্ট)। আসামিরা সরলতার সুযোগ নিয়ে বহু বাংলাদেশি নারীকে দুবাইসহ অন্যান্য দেশে পাচার এবং জোরপূর্বক আটক রেখে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ পাওয়া যায়। এর প্রেক্ষিতে গত ২ জুলাই ঘটনার মূলহোতা আজম খানসহ ৯ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃনাল কান্তি শাহ। গত ১৩ আগস্ট আসামি নির্মল চন্দ্র দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলেন, বিদেশে পারফর্ম করার জন্য ইভান অধরা ও বিথী নামে দুই জন আর্টিস্ট দেন।