admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২০ ৯:২৮ অপরাহ্ণ
নিয়তির পরিহাস, কোটিপতি বাবা এখন হাসপাতালের মেঝেতে ! মানুষের জীবন বোধহয় এমনই, কী নিদারুণ অনিশ্চয়তায় ঘেরা! দুই দশক আগেও যিনি ছিলেন বিরাট ফ্যাক্টরির মালিক, ছিল বিঘার পর বিঘা জমি; তিনিই এখন হাসপাতালের মেঝেতে পড়ে থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। ভাগ্যের এই নির্মমতার শিকার মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের ব্যবসায়ী নুরু মাতুব্বর। অর্ধমৃত হয়ে বর্তমানে পড়ে আছেন মাদারীপুর সদর হাসপাতালের মেঝেতে।
অসুস্থ নুরু মাতুব্বর
মূলত গত ১৫ বছর আগেই নিঃস্ব হয়ে গেছেন নুরু মাতুব্বর। ফ্যাক্টরি বিক্রি করে সন্তানকে লেখাপড়ার জন্য লন্ডনে পাঠিয়েছেন। শুধু তাই নয়, খরচের জন্য মাসের পর মাস পাঠিয়েছেন লাখ লাখ টাকা। এই সন্তানই লেখাপড়া শেষ করে ঢাকায় এসে বড় ব্যবসায়ী হয়েছে। আরেক মেয়ে তাজ নেহার বর্তমানে মাদারীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যুব মহিলা মহিলা লীগের সভাপতি।
শুধু ফ্যাক্টরি বিক্রি নয়, সমস্ত জমি ভাগ করে দিয়েছেন সন্তানদের মধ্যে। এছাড়া নগদ অর্থসহ আরো যা ছিল সব ভাগ করে দিয়ে বছর ১৫ আগে সংসার থেকে অবসর নিয়েছিলেন। তিনি হয়তো ঘূর্ণাক্ষরেও ভাবেননি, সন্তানরা তাকে খেতেও দেবে না। কিন্তু সম্পদ বুঝে পাওয়ার পর সন্তানরা যে যার দিকে চলে গেল! শুরু হলো এক সময়ের কোটিপতি বাবার জীবন সংগ্রাম।
বাধ্য হয়ে স্থানীয় বাজারে দোকান পাহারার দায়িত্ব নিলেন। বিনিময়ে কোনো অর্থ নয়, শুধু তিন বেলা খাবার। সেটাও বন্ধ হয়ে গেলে মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পাততেন। এভাবে একসময় অসুস্থ হয়ে পড়লেন। অবস্থা আরো খারাপ হয়ে গেলে স্থানীয়রা ধরে নিয়ে মাদারীপুর সদর হাসপাতারে রেখে আসে। সন্তানদেরকে খবর পাঠানো হলেও তারা কেউ দেখতে আসেনি।