admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২১ ৯:৩৪ পূর্বাহ্ণ
নিউজিল্যান্ড সিগারেট নিষিদ্ধ করছে। ভবিষ্যত প্রজন্মকে ধূমপানমুক্ত করতে সিগারেট বিক্রি নিষিদ্ধ করবে নিউজিল্যান্ড। কারণ দেশটি ২০২৫ সালের মধ্যে ধূমপান মুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকার এই ঘোষণা দেয়। আইনটি আপাতত ১৫ বছরের নিচের সবার জন্য কার্যকর হবে। তারা কখনই তামাক কিনতে পারবে না। মিয়ামি হেরাল্ড। নিউজিল্যান্ডের সহযোগী স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল ঘোষণা করেছেন, আমরা নিশ্চিত করতে চাই যে অল্পবয়সীরা কখনোই ধূমপান শুরু করবে না। আমরা যুবকদের কাছে ধূমপানযুক্ত তামাকজাত দ্রব্য বিক্রি বা সরবরাহ করাকে অপরাধ হিসাবে গণ্য করব।

নতুন আইনের অধীনে লোকেরা কেবল নিকোটিনের নিম্নস্তরের তামাকজাত দ্রব্য কিনতে পারবে এবং কম সংখ্যক দোকানে তামাকজাত দ্রব্য বিক্রি করতে পারবে। ‘এটি আমাদের জনগণের স্বাস্থ্যের জন্য একটি ঐতিহাসিক দিন’, যোগ করেন ভেরাল। তিনি বলেন, ধূমপান নিউজিল্যান্ডে প্রতিরোধযোগ্য মৃত্যুর প্রধান কারণ এবং চারজনের মধ্যে একজন ধূমপানের কারণে ক্যান্সারে আক্রান্ত হয়। ধূমপানের কারণে বিশেষ করে মাওরি, প্রশান্ত মহাসাগরীয় এবং নিম্ন আয়ের সম্প্রদায়গুলোর মানুষ ক্ষতির শিকার হচ্ছে।
বর্তমানে যেহেতু ধূমপানের হার কমে আসছে, এখন লক্ষ্যে পৌঁছানোর জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। খবরে বলা হচ্ছে, যদি কিছু না পরিবর্তিত হয়, মাওরি সম্প্রদায়ের মানুষের মধ্যে ধূমপানের হার ৫ শতাংশের নিচে নামতে কয়েক দশক লাগবে। তারপরও সরকার তা করবে কারণ সরকার এই জনাগোষ্ঠীকে পিছিয়ে দিতে রাজি নয়। ভেরাল বলছেন, ধূমপায়ীদের জন্য ব্যবহারিক সহায়তা ব্যবস্থাকেও অগ্রাধিকার দেওয়া হবে। লোকদের ধূমপান থেকে প্রতিরোধ করা এবং যারা ধূমপান ছাড়তে চায়, সেজন্য তাদের সাহায্য করা হবে। আমরা সমস্যার দুদিক দিয়েই সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি। নতুন আইনটি আলোর মুখ দেখতে এখনও নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।