admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২১ ৮:৩৮ পূর্বাহ্ণ
নরসিংদীতে দুই গ্রুপের টেটা- বল্লম নিয়ে সংঘর্ষ নিহত দুইজন। নরসিংদীর রায়পুরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০জন। ঘটনাটি ঘটেছে রায়পুরার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি নামে একটি চরে। পুলিশের রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেছেন, বৃহস্পতিবার সকালে কাচারিকান্দিতে বিবদমান দুইটি পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

টেটা, বল্লম এবং দেশীয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে প্রায় দুই ঘণ্টা ব্যাপী সংঘর্ষ হয়। এতে দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন মি. ঘোষ। আহতদের কয়েকজন টেটাবিদ্ধ হয়েছেন। তিনি বলেছেন, তারা নিজেদের গুলিতে মারা গেছে। পুলিশ কোন গুলি ছোড়েনি।
মি. ঘোষ জানিয়েছেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের কারণ হিসেবে পুলিশ প্রাথমিকভাবে দেখতে পেয়েছে, কাচারিকান্দি চরের ব্যবসায়িক নিয়ন্ত্রণ কোন পক্ষের দখলে থাকবে, তা নিয়ে বিবাদমান পক্ষ দুইটির মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের।
এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অনেকদিন থেকেই মামলা মোকদ্দমাও লড়ছে বলে জানিয়েছে পুলিশ। মারামারিতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।