admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২১ ১০:১৮ অপরাহ্ণ
দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার আসামিদের সঙ্গে সেলফি তুলেছিলেন পটুয়াখালীর বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল দেখা দিলে বিভাগীয় তদন্ত শেষে তাকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার বিভাগীয় আদেশে জানানো হয়, ওসি মোস্তাফিজুরকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ওসির দায়িত্ব বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আল মামুনের কাছে হস্তান্তরের কথা বলা হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমান বলেন, ওসি মোস্তাফিজুর রহমানকে বদলি করে দায়িত্ব দেয়া হয়েছে আল মামুনকে। আজ মঙ্গলবার বাউফল থানার ওসির দায়িত্ব বুঝে নিয়েছেন পরিদর্শক আল মামুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
গণমাধ্যমের খবরে বলা হয়, গত ৭ মার্চ বাউফল থানা চত্বরে ‘আনন্দ উদযাপন’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে পুলিশ। তাতে একটি মামলার কয়েকজন আসামি ওসির সঙ্গে সেলফি ও ছবি তোলেন বলে উল্লেখ করা হয়। আসামিরা নিজেদের ফেসবুক আইডিতে ওসির গুণকীর্তন করে সেই সেলফি-ছবি আপলোড করেন। যা নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।