admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ণ
দেশে প্রথম ধাপের স্থগিত থাকা ১৬০ ইউপি ও ৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। প্রথম ধাপের স্থগিত থাকা ১৬০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ সোমবার। এছাড়া দেশের ৯টি পৌরসভা ও স্থানীয় সরকার পরিষদের কয়েকটি উপনির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ১৬০টি ইউপির মধ্যে ৪৪টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান প্রার্থীরা। তাদের সবাই আওয়ামী লীগ মনোনীত। তবে এসব ইউপিতে সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
অন্যদিকে, ভোটগ্রহণ চলতে থাকা নয়টি পৌরসভা হচ্ছে- পঞ্চগড়ের দেবীগঞ্জ, যশোরের নওয়াপাড়া, ফরিদপুরের ভাঙ্গা, কুমিল্লার নাঙ্গলকোট, ফেনীর সোনাগাজী, নোয়াখালী কবিরহাট, চট্টগ্রামের বোয়ালখালী এবং কক্সবাজার জেলার মহেশখালী ও চকরিয়া পৌরসভা। তিনটি পৌরসভায় মেয়র প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সবগুলো পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হবে।
ইসি সূত্রে জানা গেছে, দেশে প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল গত ১১ এপ্রিল। কিন্তু করোনার সংক্রমণ বাড়ায় ১ এপ্রিল তা স্থগিত করা হয়। এর মধ্যে প্রথম ধাপে ২১ জুন ২০৪টি ইউনিয়নে নির্বাচন হয়েছিল। তখন বাকি ১৬৭ ইউপির নির্বাচন স্থগিত রাখা হয়। আজ সেগুলোতে ভোটগ্রহণ চলছে। তবে প্রার্থী মারা যাওয়ায় ৫টি, মামলাজনিত কারণে ১টি এবং আবহাওয়াজনিত দুর্যোগের কারণে ১টি ইউপিতে আপাতত ভোট হচ্ছে না।
এদিকে, ভোটগ্রহণ উপলক্ষে ১৮ সেপ্টেম্বর মধ্যরাত থেকে ২১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ভোটের আগের দিন ১৯ সেপ্টেম্বর রাত ১২টা হতে ভোটের দিন ২০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ, লঞ্চ, স্পিডবোট এবং ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সেবাসহ অন্যান্য পরিবহন চলাচল করতে পারবে।