admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ
দেশে গত ২৪ ঘণ্টায় ১০ টাকা বাড়ল পেঁয়াজের দাম! কাঁচাবাজার এবং নিত্যপণ্যে লকডাউনের প্রভাব কিছুটা হলেও পড়েছে। তবে পেঁয়াজের ক্ষেত্রে সেটা অস্বাভাবিক। গত ২৪ ঘণ্টায় খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ১০ টাকা! পাইকারি বাজারে ৫-৭ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামের এমন উল্লম্ফনের কারণ হিসেবে লকডাউনকে সামনে আনছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, লকডাউনের কারণে বাজারে প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ আসছে না। যতটুকু আসছে, তাতে পরিবহন খরচ পড়ছে আগের চেয়ে বেশি।
ভারত থেকে যে পেঁয়াজ আসছে সেটাও বাজার পর্যন্ত আসতে স্বাভাবিকের তুলনায় বেশি খরচ হচ্ছে। এসব কারণে দাম বেড়ে গেছে। বিক্রেতারা জানাচ্ছেন, লকডাউন উঠে গেলে দাম ঠিক হয়ে যাবে। ক্রেতারা বলছেন, ব্যবসায়ীরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। লকডাউনের কারণে পরিবহন খরচ কিছুটা বেড়েছে, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু কেজিতে যদি ১ টাকা বেড়ে থাকে, তাহলে তারা দাম বাড়িয়ে দিচ্ছে প্রায় ১০ টাকা। লকডাউন থাকায় বিক্রেতাদের সঙ্গে কথা না বাড়িয়ে বেশি দামেই পণ্যটি কিনে নিচ্ছে সবাই।
আজ শনিবার (৩ জুলাই) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। অথচ একদিন আগেও গতকাল শুক্রবার পণ্যটি বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা দরে। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ায় তারাও পেঁয়াজের বাড়িয়ে দিতে বাধ্য হচ্ছেন। লকডাউনের কারণে সামনের কয়েকদিনে দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন এসব খুচরা ব্যবসায়ীরা।