admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২১ ৪:৫৫ অপরাহ্ণ
দেশে করোনাভাইরাস মোকাবেলায় ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা কেউ কর্মস্থল ত্যাগ ও ছুটি নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির জন্যই এ সিদ্ধান্ত। আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে এক অনলাইন সভা শেষে তিনি এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য ডিজি বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা কেউ কর্মস্থল ত্যাগ ও ছুটি নিতে পারবেন না। তবে সরকারি ছুটির দিনে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি বন্ধ থাকবে। মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা টিকা কার্যক্রম এগিয়ে নিতে প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন, এখন অবধি ২০ হাজারের বেশি মানুষ ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন। আর যাদের এ সুবিধা নেই, তাদের নিবন্ধনে সহায়তা করবেন মাঠ স্বাস্থ্যকর্মীরা।এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, হাঙ্গেরি বা অন্য কোনো দেশে ভ্যাকসিন সরবরাহের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জানা নেই। স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, শুধু ঢাকা জেলার জন্য ৪ লাখ ভ্যাকসিন বরাদ্দ আছে।