admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২১ ৬:৩১ অপরাহ্ণ
দেশে আগামীকাল বুধবার থেকে অভ্যন্তরীণ রুটে চলবে ফ্লাইট। ২১ এপ্রিল বুধবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে কক্সবাজার এর বাইরে থাকবে। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বেবিচক। বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
তিনি বলেন, আগামীকাল বুধবার (২১ এপ্রিল) থেকে আমরা সীমিত পরিসরে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছি। তবে প্রতিদিন কোন রুটে কয়টি ফ্লাইট চলাচল করবে, তা প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। আজ (মঙ্গলবার) সন্ধ্যার মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে জানিয়ে এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ইতোমধ্যে এ বিষয়ে প্রস্তুতি নিতে এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে।
প্রসঙ্গত, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে সরকার নতুন করে বিধিনিষেধ আরোপ করে। এ জন্য অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া সর্বাত্মক লকডাউনের কারণে আন্তর্জাতিক রুটের ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হয়।