admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২০ ৭:৩৭ পূর্বাহ্ণ
দিনাজপুরের ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আমিরুলকে প্রত্যাহার। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদ খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনার ৯ দিনের মাথায় প্রত্যাহার হলেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম। আজ শুক্রবার তাকে ওই সেখান থেকে প্রত্যাহার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করে দিনাজপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনর্চাজ আমিরুল ইসলাম নিজেও। দুপুর ১২টার দিকে তিনি জানান, অস্ত্র জমা দিতে তিনি বর্তমানে এসপি অফিসে যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে ওসি আমিরুল ইসলামকে ঘোড়াঘাট থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তার পরিবর্তে ওই থানায় নতুন ওসি হিসেবে যোগদান করবেন রংপুর সদর থানার পরিদর্শক (ইন্সপেক্টর) আজিম উদ্দিন। তাকে পদোন্নতি দিয়ে ঘোড়াঘাট থানার ওসি হিসেবে ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসের সরকারি বাসভবনে ছিলেন। দুর্বৃত্তরা ভেন্টিলেটর দিয়ে বাসভবনে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে ওয়াহিদা ও তার বাবাকে উপর্যুপরি আঘাত করে। পরে দুর্বৃত্তরা তাদের সেখানে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ওয়াহিদা ও তার বাবাকে উদ্ধার করে প্রথমে রমেক হাসপাতালে নেওয়া হয়। পরে ওয়াহিদা খানমকে নিয়ে যাওয়া হয় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ৩ সেপ্টেম্বর রাতে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। তার বাবা ওমর আলী বর্তমানে রমেক হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ৩ সেপ্টেম্বর ঘোড়াঘাট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন আহত ওয়াহিদার ভাই শেখ ফরিদ। পরে এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে স্থানীয় এক যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। বর্তমানে মামলাটি তদন্ত করছে দিনাজপুর ডিবি পুলিশ।