admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২১ ৫:৪৩ অপরাহ্ণ
১০ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক মহাপরিচালক এবং দশ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি কারাবন্দি ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম মারা গেছেন। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার তার মৃত্যু হয় বলে জানা গেছে। ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম, রাজধানীর শেরে বাংলা নগর থানা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে।
আজ রোববার সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। কারা অধিদপ্তরের পক্ষ থেকেও সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কারা সূত্রে জানা যায়, সম্প্রতি তার করোনার উপসর্গ দেখা দেয়। গত ২৬ জুলাই পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় গত ৩১ জুলাই।
আবার ওই দিনই তাকে ঢামেক হাসপাতাল থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। ওই সূত্র আরো জানায়, কারা তত্ত্বাবধানে ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই আজ রোবাবর সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১-এ ২০১৪ সালের ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে বিষয়টি।