admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২১ ৮:১৮ অপরাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে হত্যার চেষ্টা ব্যর্থ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অবশ্য সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল শনিবার, ৪ ডিসেম্বর, এ ঘটনা ঘটে। তুরস্কের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে আজ রোববার, ৫ ডিসেম্বর, প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরতে শহরে এ ঘটনা ঘটে।
যেখানে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা ছিল তুর্কি প্রেসিডেন্টের। তবে তার আগেই বক্তৃতা মঞ্চের পাশে গাড়ির নিচ থেকে বোমা উদ্ধার করা হয়। তুর্কি গণমাধ্যমের বরাত দিয়ে আজ রোববার মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, জনসভার যে মঞ্চে এরদোয়ানের ভাষণ দেওয়ার কথা ছিল, তার পাশেই এক পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত গাড়িতে বোমা পাওয়া যায়। গাড়ির নিচে থাকা বোমাটি প্রথমে ওই কর্মকর্তার এক বন্ধুর চোখে পড়ে। পরে সেটি পরীক্ষা করে নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্ক্রিয় করা হয়।
এদিকে, রুশ সংবাদ মাধ্যম স্পুটনিকের প্রতিবেদনে বলা হয়েছে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অপরাধ বিষয়ক বিশেষজ্ঞরা ওই গাড়ি ও বোমা পরীক্ষা করেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে কাউকে আটক করা হয়নি। কিছু খবরে বলা হচ্ছে, তুর্কি প্রেসিডেন্টকে এমন সময় হত্যার চেষ্টা নিয়ে খবর বেরুলো যখন বিগত কয়েক সপ্তাহে দেশটির অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। গত কয়েক দিনে বৈদেশিক মুদ্রার বিপরীতে তুর্কি মুদ্রা লিরার ব্যাপক পতন হয়েছে। হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম। এমনকি সরকারের অর্থমন্ত্রীকে সরিয়ে দিয়েছেন এরদোয়ান।