admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২১ ১১:৩০ পূর্বাহ্ণ
ঢাকা শহরের ২৫ হিট আইল্যান্ড চিহ্নিত গবেষণায় মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। তাপদাহের পাশাপাশি কোনো একটি এলাকায় থাকা কারখানা, ঘনবসতি, বড় বড় দালান, প্রচুর গাড়ির কারণে গরম আরও বেড়ে যায়। এসব পারিপার্শ্বিক কারণগুলোর ফলে তাপদাহের বেশি ঝুঁকিতে থাকা ঢাকা শহরের ২৫টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে এক গবেষণার মাধ্যমে। এলাকাগুলোর নাম দেয়া হয়েছে হিট আইল্যান্ড। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং জার্মান রেড ক্রসের উদ্যোগে যৌথভাবে এই গবেষণা পরিচালিত হয়। ফিজিবিলিটি স্টাডি অন হিট ওয়েভ ইন ঢাকা শীর্ষক এই গবেষণা প্রকাশিত হয়ে গত সেপ্টেম্বরে।
জিআইএস সফটঅয়্যার ব্যবহার করে ঢাকার হিট আইল্যান্ডগুলো বের করার চেষ্টা করেছেন গবেষকরা। ২৫ হিট আইল্যান্ডের তালিকায় রয়েছে- গাবতলী, গোড়ান, বাসাবো, টঙ্গী, শহীদনগর, বাবুবাজার, পোস্তগোলা, জুরাইন, হাজারীবাগ, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, বাড্ডা, গুলশান, কামরাঙ্গীরচর, তেজকুনিপাড়া, নাখালপাড়া, মহাখালী, মিরপুর, কুর্মিটোলা, আজমপুর, উত্তরা, কামারপাড়া, মোহাম্মদিয়া হাউজিং, আদাবর, ফার্মগেট।
দুই কোটি মানুষের বসবাস এই ঢাকা শহরে। তাই এর সবটা জুড়েই তাপদাহ বিরাজ করে। তারওপর নানা পারিপার্শ্বিক কারণে উল্লিখিত ২৫ এলাকায় তাপদাহের মাত্রা বেড়ে যায়। এক্ষেত্রে ঘনবসতিই মুখ্য কারণ। স্বাভাবিকভাবেই বসতি ঘন হলে সেখানে যান চলাচল বেড়ে যায়। বাড়ে কল-কারখানা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান।
হিট আইল্যান্ডগুলোতে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বছরের বিশেষ সময়ে তাপমাত্রা এরচেয়ে বেড়ে গেলে সেটাকে বলা হয় তাপপ্রবাহ। এটি আবার তিনভাগে বিভক্ত। ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে থাকলে সেটাকে বলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি হলে সেটাকে বলে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে সেটাকে বলে তীব্র তাপপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান বলেন, সারা পৃথিবীই ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে। স্বাভাবিকভাবে বাংলাদেশেও বাড়ছে তাপমাত্রা। যে এলাকাগুলোকে হিট আইল্যান্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে, তীব্র গরমের সময় সেগুলো আরও উত্তপ্ত হয়ে ওঠে। কীভাবে ওই এলাকাগুলোকে এ থেকে মুক্ত করে একটা ব্যালান্স পজিশনে আনা যায়, তা নিয়ে এখনই ভাবতে হবে।