admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু,স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশ থেকে আরাফাত হোসেন (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আরাফাতের মরদেহটি হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছি পুলিশ।
নিহত আরাফাত রাঙ্গামাটি জেলার বাসিন্দা আজাহার আলীর ছেলে। সে কবিরপুরের বাইদগাঁও এলাকার একটি আবাসিক মাদ্রাসায় লেখাপড়া করতো। স্থানীয়রা জানান, দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে এক ছাত্রকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালের নিয়ে যান তারা।তবে ওই শিশুকে হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ।
এঘটনায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। সেই সঙ্গে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।