admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুন, ২০২১ ৯:৩৮ অপরাহ্ণ
ঢাকার দুই সিটি কর্পোরেশনে অভিযান চলছে, সরকারি স্থাপনায় লার্ভা পেলে জরিমানা ৪ গুণ। ডেঙ্গু-চিকুনগুনিয়ার মতো জীবাণু বহনকারী এডিস মশার বিস্তার রোধে রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনে অভিযান চলছে। মশার লার্ভা যাতে তৈরি হতে না পারে, সেজন্য জনসচেতনতা কর্মসূচিও পালন করা হয়েছে। এর পরও সরকারি আবাসন ও স্থাপনায় এডিস লার্ভা মিললে ৪ গুণ বেশি জরিমানা করার ঘোষণা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (৮ জুন) এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
এদিন নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে ‘এডিস মশা বাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভা হয়। এর আয়োজন করে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, নির্মাণাধীন স্থাপনায় এডিস মশার লার্ভা বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সরকারি আবাসন ও নির্মাণাধীন স্থাপনায় এটি পাওয়া গেলে ৪ গুণ জরিমানা করার নির্দেশনা দেয়া হয়েছে।
এর ব্যাখ্যায় এসব স্থাপনাকে এডিস মশার ‘অভয়ারণ্য’ আখ্যায়িত করে তিনি বলেন, সরকারি নির্মাণাধীন স্থাপনা ও আবাসিক কলোনীতে মশক কর্মীদের যেতে দেয়া হয় না। এমনকি কাউন্সিলরদেরও প্রবেশ করতে দেয়া হয় না সেখানে। এ কারণে ওইসব স্থাপনায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম দুর্বল হয়ে পড়ছে। রকারি আবাসন ও স্থাপনায় একবার এডিস মশার বংশবিস্তার শুরু হলে তা ব্যাপক আকার ধারণ করে। সেজন্য এসব স্থাপনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, বলেন শেখ ফজলে নূর তাপস।
রাজধানীতে ছাদ বাগান সংস্কৃতি গড়ে উঠেছে মন্তব্য তিনি বলেন, এখন বাসা-বাড়িতে ফুলের টবে পানি জমে মশার বিস্তার ঘটছে। মহিলা কাউন্সিলরদের বলা হয়েছে, তারা যেন বাড়ির কর্তা-কর্ত্রীদের সঙ্গে কথা বলে ফুলের টবে পানি না জমার ব্যাপারে ভূমিকা রাখেন। এই মতবিনিময় সভায় এডিস মশার বংশবিস্তার এবং তা নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে একটি উপস্থাপনা দেখান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শরীফ আহমেদ। অন্যান্যের মধ্যে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ ও স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।