admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২০ ৪:৪০ অপরাহ্ণ
ঢাকার কামরাঙ্গীরচরে শয়ন হাসান (১৮) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে। তখনই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শয়ন লেখাপড়ার পাশাপাশি একটি বুটিক কারখানায় কাজ করতেন। তুচ্ছ ঘটনার জের ধরে সিরাজ নামে এক সহকর্মী শয়নকে ছুরিকাঘাত করেন বলে জানা গেছে।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহতের বুকের ডান পাশ ও বাম উরুতে ছুরিকাঘাতের জখম রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ রাখা হয়েছে মর্গে। বিষয়টি সংশ্নিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।রক্তাক্ত অবস্থায় শয়নকে উদ্ধারকারী সহকর্মী রাকিব হাসান হাসপাতালে জানান, কামরাঙ্গীরচরের হাসাননগর এলাকার ভিটাবাজারে আপন বুটিকস নামের একটি কারখানায় কাজ করতেন শয়ন হাসান। সন্ধ্যায় একই কারখানার কর্মী সিরাজ তাকে আরেক কর্মীকে ডেকে আনতে বলেন। তবে শয়ন তাতে আপত্তি জানান। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর সিরাজ ক্ষিপ্ত হয়ে কারখানা থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শয়ন সামনের রাস্তায় গেলে সিরাজ সেখানে তার পিছু নেন। একপর্যায়ে তাকে আটকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সিরাজ। পরে আশেপাশের লোকজন ছুটে গিয়ে শয়নকে উদ্ধার করে হাসপাতালে নেন।
পুলিশ জানায়, কামরাঙ্গীরচরের হাসাননগর আদর্শ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত শয়ন। তিন সপ্তাহ আগে সে আপন বুটিকসে কাজ শুরু করে। তার গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভাইডাঙ্গা এলাকায়। তার বাবার নাম বিপুল আহমেদ। তিন ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিল শয়ন।এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কামরাঙ্গীরচর থানা পুলিশ। তারা সেখান থেকে আলামত সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে। এ ব্যাপারে জানতে কামরাঙ্গীরচর থানার ওসির মোবাইল ফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।