admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২২ ১০:২৭ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , স্টাফ রিপোর্টারঃ ঢাকার আশুলিয়ায় অ্যাম্বুলেন্স আটকে রেখে চালককে মারধরের সময় ক্যান্সার আক্রান্ত মুমূর্ষু শিশু আফসানার (০৯) মৃত্যুর ঘটনায় প্রধান আসামী নজরুল ইসলামকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলার তিন জন আসামিকে গ্রেফতার করা হলো। সাভারের সিএন্ডবি বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত রাতে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়।
বুধবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম। এর আগে বুধবার বিকেলে প্রধান আসামি নজরুল ইসলাম এবং মঙ্গলবার রাতে অপর দুই আসামি ইমরান হোসেন ও হানিফ খানকে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন- জামালপুর জেলার মেলান্দহ থানার মলকাকান্দা গ্রামের মো. কালাম মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩২)। সে এ মামলার প্রধান আসামি এবং অভিযুক্ত মাইক্রোবাসের চালক। টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার দোপাকান্দী গ্রামের আব্দুর রহমান খানের ছেলে হানিফ খান (৪০)। তিনি আশুলিয়ার বাইপাইলে বসবাস করে রেন্ট এ কারের প্রাইভেটকারের চালক। আরেকজন টাঙ্গাইলের ভুয়াপুরের খুপিবাড়ি গ্রামের মৃত সুরুজ মন্ডলের ছেলে মোঃ ইমরান (২৫)। মামলার স্বার্থে বাকি আসামিদের পরিচয় জানায়নি পুলিশ।
উল্লেখ্য, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শিশু আফসানাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক হয়ে গ্রামের বাড়ি গাইবান্ধার উদ্দেশ্যে ফিরছিল মহাখালীর ক্যান্সার হাসপাতাল থেকে। ওভারটেকিং-এর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ার বাইপাইলে পৌঁছালে চলন্ত অবস্থায় অ্যাম্বুলেন্সটিকে পেছনে থাকা একটি হায়েস মাইক্রোবাস সামনে এসে গতিরোধ করে। মাইক্রোবাসের চালক নজরুল নেমে অ্যাম্বুলেন্সের চালক ও সহকারীকে মারধর শুরু করে।
পরে আরও কয়েকজন সহযোগীকে ডেকে আনে নজরুল ইসলাম। এক পর্যায়ে নজরুলসহ তারা অ্যাম্বুলেন্সের চাবিটিও ছিনিয়ে নেয়। এ সময় অ্যাম্বুলেন্সেই ছটফট করতে করতে বাবার কোলে মারা যায় শিশু আফসানা। এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, নিহত আফসানার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সবার পরিচয় শনাক্ত হয়েছে। ইতিমধ্যে প্রধান আসামি মাইক্রোবাস চালক নজরুল ইসলামসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।