admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২০ ৬:৫৬ পূর্বাহ্ণ
পুলিশের কিছু সদস্য যে দানবে পরিণত হয়েছে, মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের হত্যাকাণ্ডের মাধ্যমে সেটা প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের আহ্বায়ক কমিটির প্রধান ড. কামাল হোসেন। পুলিশকে দলীয়করণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ভোট ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলেও মনে করেন তিনি।
দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে আজ শনিবার ড. কামাল হোসেন এমন কথা বলেন। পরে গণ ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় ঐক্যফ্রন্টের এ শীর্ষ নেতা বলেন, জাতীয় ঐক্যকে আরো জোরদার করতে হবে যাতে দেশের সব সমস্যার সমাধান করা যায়। এ জন্য জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, একদিকে মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, অন্যদিকে সরকারের প্রশ্রয়ে সেই করোনাকে নিয়ে দুর্নীতি হচ্ছে। অথচ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না সরকার।
দেশের সিনিয়র এ আইনজীবী বলেন, চলতি বছর বন্যা ও নদী ভাঙনের কারণে কৃষকের ফসল নষ্ট হয়েছে। মানুষের ঘরবাড়ি, জমি, স্কুল-কলেজ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বন্যা ও নদী ভাঙনের ব্যাপারে কোনো সরকারই তেমন কোনো ব্যবস্থা নেয়নি। গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান সভায় সভাপতিত্ব করেন। এ ছাড়া দলটির কেন্দ্রীয় নেতা রেজা কিবরিয়া, আ ও ম শরিফ উল্ল্যা, মোশতাক আহম্মেদ, সেলিম আফার, মো. ইসমাইল, হারুন তালুকদার প্রমুখ সভায় বক্তব্য দেন।