admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০১৯ ৫:১৫ পূর্বাহ্ণ
dtv,
২০১৯-২০ অর্থবছরের জন্য তিন হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট প্রস্তুত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করবেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। উপনির্বাচনে জয়ী হওয়া মেয়রের এটিই হবে প্রথম এবং এই মেয়াদের শেষ বাজেট। এই বাজেট গত অর্থবছরের চেয়ে ৪৮৯ কোটি ৮৩ লাখ টাকা বেশি হলেও এর দুই- তৃতীয়াংশই সাহায্যনির্ভর। এবারের বাজেটে এক হাজার ১১৫ কোটি ৫০ লাখ টাকা ছাড়া বাকি অর্থই সরকার ও বৈদেশিক সাহায্য থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা মূল বাজেটের ৬৩ দশমিক ৫ শতাংশ। তবে উল্লেখযোগ্য দিক হচ্ছে, বাজেটে মশা নিয়ন্ত্রণ খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয়ের খাত
প্রস্তাবিত বাজেট পেশ করার সময়ে ২০১৮-১৯ অর্থবছরের এক হাজার ৮২২ কোটি ৬৩ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদনের ঘোষণা দেওয়া হবে। গত অর্থবছরে ডিএনসিসির এ বাজেট ছিল দুই হাজার ৫৬৭ কোটি ৪৫ লাখ টাকা। আর বাজেট বাস্তবায়ন হয়েছে ৭০ দশমিক ৯৯ শতাংশ।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে এক হাজার ১০৬ কোটি ৪০ লাখ টাকা। অন্যান্য আয় ৯ কোটি টাকা, সরকারি অনুদান (থোক) থেকে ১০০ কোটি টাকা,সরকারি বিশেষ অনুদান থেকে ৫০ কোটি টাকা, সরকারি অথবা বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে এক হাজার ৫৬৪ কোটি ৬৪ লাখ টাকা। সব মিলিয়ে মোট আয় ধরা হয়েছে তিন হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকা।
অপরদিকে গত (২০১৮-১৯) অর্থবছরে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছিল ৮৫৭ কোটি ২০ লাখ টাকা। যদিও অর্থবছর শেষে ডিএনসিসি’র আয় ৭৯৩ কোটি টাকা। তবে অন্যান্য আয় ৭ কোটি ধরা হলেও তা বেড়ে হয়েছে ৮ কোটি ২৫ লাখ টাকা,সরকারি অনুদান থেকে ১৫০ কোটি টাকা ধরা হলেও হয়েছে ৫৪ কোটি ৭৮ লাখ টাকা, সরকারি বিশেষ অনুদান থেকে ৫০ কোটি টাকা ধরা হলেও এ খাত থেকে এসেছে ১৩ কোটি ৫০ লাখ টাকা।
অন্যদিকে, প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের জন্য রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৫১ কোটি ৪০ লাখ টাকা, অন্যান্য ব্যয় ধরা হয়েছে ১২ কোটি টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৩৩৫ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে নিজস্ব উৎস ও সরকারি অনুদান থেকে ধরা হয়েছে ৭৭১ কোটি ১০ লাখ টাকা এবং সরকারি/ বৈদেশিক সাহায্যপুষ্ট থেকে ধরা হয়েছে এক হাজার ৫৬৪ কোটি ৬৪ লাখ টাকা ধরা হয়েছে। সমাপনী স্থিতি ধরা হয়েছে ১৫৮ কোটি ১০ লাখ টাকা। আর প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ২২৭ কোটি টাকা।
এর মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব ব্যয় ৪৩৬ কোটি ৪০ লাখ টাকা ধরা হলেও ব্যয় হয়েছে ৩৭৯ কোটি ৯৮ লাখ টাকা। অন্যান্য ব্যয় ১১ কোটি ধরা হলেও ব্যয় হয়েছে ৫ কোটি ৬০ লাখ টাকা। উন্নয়ন ব্যয় এক হাজার ৯৬২ কোটি ৮০ লাখ টাকা ধরা হলেও ব্যয় হয়েছে এক হাজার ২০৯ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে নিজস্ব উৎস ও সরকারি অনুদান থেকে উন্নয়ন ব্যয় ৬৬২ কোটি ৮০ লাখ টাকা ধরা হলেও ব্যয় হয়েছে ৫০৫ কোটি ৭৫ লাখ টাকা। আর সরকারি/ বৈদেশিক সহায্যপুষ্ট প্রকল্প থেকে এক হাজার ৩০০ কোটি টাকা ধরা হলেও ব্যয় হয়েছে ৭০৪ কোটি ১০ লাখ টাকা। সমাপনী স্থিতি ১৫৭ কোটি ২৫ লাখ টাকা ধরা হলেও সংশোধিত বাজেটে তা দাঁড়িয়েছে ২২৭ কোটি ২০ লাখ টাকা। প্রারম্ভিক স্থিতি ২০৩ কোটি ২৫ লাখ টাকা ধরা হলেও সংশোধিত বাজেটে তা দাঁড়িয়েছে ২৪৯ কোটি টাকা।
ডিএনসিসি’র ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য ব্যয়
মশক নিধন কার্যক্রমে এবছর ১৮২ শতাংশ ব্যয় বাড়িয়ে করা হয়েছে ৪৯ কোটি ৩০ লাখ টাকা। যা গত অর্থবছরে ছিল ১৭ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০ কোটি টাকা। যা গত অর্থবছরে বরাদ্দ ছিল ২ কোটি টাকা কিন্তু সংশোধিত বাজেটে এর পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি টাকা। আর বর্জ্য ব্যবস্থাপনা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮৬ কোটি টাকা।
বাজেট বিবরণীর উল্লেখযোগ্য খাতে দেখা গেছে, সড়ক ও ট্রাফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৬৩ কোটি টাকা। কবরস্থান ও শ্মশানঘাট সংস্কার ও উন্নয়ন কাজে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ২৫ লাখ টাকা। নাগরিক ও বিনোদনমূলক সুবিধাদি উন্নয়ন কাজে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি টাকা। ভৌত অবকাঠামো নির্মাণ, উন্নয়ন/রক্ষণাবেক্ষণ কাজে ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৭৫ টাকা।
পরিবেশ উন্নয়নের জন্য ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৩৫ লাখ টাকা। বিশেষ উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। জিওবি প্রকল্পে ডিএনসিসির অর্থায়নে ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি টাকা। সরঞ্জাম, যান যন্ত্রপাতি সম্পদ ক্রয়ের জন্য ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি টাকা। উন্নয়ন থোক বরাদ্দ থেকে ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে এক হাজার ৫৬৪ কোটি ৬৪ লাখ টাকা। বাজেটে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৩৩৫ কোটি ৭৪ লাখ টাকা। https://www.facebook.com/D-TV-881207148717249/