admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২১ ৮:০২ অপরাহ্ণ
ডা. জাফরুল্লাহ চৌধুরী জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন। সত্যিকারের নির্বাচন কমিশন গঠনের জন্য আগে জাতীয় সরকার গঠন করার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ সোমবার এক আলোচনা সভায় এই দাবি জানান তিনি। এই সরকারে কারা থাকবে, তারও একটি ধারণা দিয়েছেন এই বামপন্থী পেশাজীবী নেতা। শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে জাতীয় স্মরণ মঞ্চ।
এতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জাতীয় সরকারে আওয়ামী লীগ থেকে শেখ রেহেনা, তার ছেলে ববি, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী; বিএনপিরও এমন নেতাদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্য থেকেও নেয়া যেতে পারে। জাতির সামনে আরো কঠিন সমস্যা আছে উল্লেখ করে তিনি বলেন, একদিকে করোনা, আরেকদিকে ডেঙ্গু, অন্যদিকে নতুন ভাইরাস নিপা। এই তিন রোগের চিকিৎসা সহজ হলেও চিন্তার বিষয় রয়েছে। করোনার টিকা দিতে হবে সবাইকে। ডেঙ্গুর চিকিৎসা ৮০ পয়সার প্যারাসিটামল আর মশারি খাটানো।
টিকা সস্তায় পাওয়া যায় মন্তব্য করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সন্তায় টিকা কিনলে পকেট ভরে না বলে কিনবে না সরকার। প্যারাসিটামল বাজারে পাওয়া যায় না। তাহলে দেশের উন্নয়ন কতটা হয়েছে, তা ভেবে দেখেন। আলোচনায় বক্তব্য রাখেন কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, নাগরিক ঐক্যের মাহামুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, গণস্বাস্থ্য কেন্দ্রের জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ান মানিক।