এবিএম আহসানুর রহমান লাবু,স্টাফ রির্পোটার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ১:১৩ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি ও প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঠিকাদারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, নির্মাণকাজে যথাযথ মান বজায় রাখা এবং প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ঠিকাদারদের সঠিক সময়ের মধ্যে কাজ সম্পুর্ন করার জন্য বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় প্রকল্প বাস্তবায়নে উদ্ভূত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়েও মতবিনিময় করা হয়। পাশাপাশি চলমান কাজের অগ্রগতি নিয়মিতভাবে পর্যালোচনা এবং কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় বলা হয়, পৌরসভার উন্নয়ন প্রকল্পের সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে হলে প্রতিটি প্রকল্পের কাজের গুণগত মান, স্বচ্ছতা ও নির্ধারিত সময়সীমা নিশ্চিত করা জরুরি। জনগণের অর্থে বাস্তবায়িত এসব উন্নয়নকাজে কোনো ধরনের গাফিলতি যাতে না হয়, সেদিকেও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এ ক্ষেত্রে ঠিকাদারসহ প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন এবং টেকসই ও মানসম্মত উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।