admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫১ পূর্বাহ্ণ
বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ঠাকুরগাঁও এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এ দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা এবং সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মামুন ভূঁইয়া। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক মনতোষ কুমার দে, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ,
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসার আলী আফজাল, জেলা শিশু কর্মকর্তা জবেদ আলী প্রমুখ। বক্তারা মান সম্মত শিক্ষা ব্যবস্থার জন্য ও সাক্ষরতার হার বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষার মান বৃদ্ধির তাগিদ দেন। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তর প্রধান, সমাজ কর্মী, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ঠাকুরগাঁও দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।