admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২২ ১০:২৩ পূর্বাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌর শহরের মুক্তা সিনেমা হলের সামনের পাকা রাস্তায় রাত আনুমানিক ১১ টার দিকে জনতা অবৈধভাবে বিক্রি করা ৪৮ বস্তা সার আটক করে। ৪টি রিক্সা ভ্যানে করে ঐ সার স্থানীয় ভ্যানচালক হানিফা, জবায়দুর, নূর ইসলাম ও অজয় রামপুর বেলপুকুরের ক্ষুদ্র সার ব্যবসায়ি জাহিদুরের কাছে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।
তবে উপস্থিত জাহিদুরের কাছে কোনো রশিদ ছিলনা বলেও খবর পাওয়া গেছে। এ সময় উপস্থিত স্থানীয় সাংবাদিকরা এ সারের ছবি সহ তথ্য সংগ্রহ করেন। এদিকে খবর পেয়ে রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা ও উপ–সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম ঘটনাস্থলে এসে ভ্যানচালক সহ স্থানীয় লোকজনের কাছে সত্যতা পান। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়।
পরে ঘটনাস্থলে সহকারী কমিশনার সার জব্দ করে থানায় পাঠিয়ে দেন। ঐ সার স্থানীয় সার ডিলার আলাউদ্দিনের মাধ্যমে বিক্রি করা হয়েছে জেনে কর্মকর্তারা ও সাংবাদিকরা সহ আলাউদ্দিনের সার গোডাউন ও তার বাড়িতে গিয়ে ঘটনা তদন্ত করেন। ঐ সার আলাউদ্দিনের ভাইয়ের বাড়ি থেকে বিক্রি করা হয় মর্মে তথ্য পাওয়া যায়। এ সময় আলাউদ্দিন কর্মকর্তাদের কাছে ঐ সার তিনি বিক্রি করেছেন মর্মে স্বীকার করেন।
এ বিষয়ে রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা বলেন” জব্দকৃত সার ডিলার আলাউদ্দিনের স্বীকারোক্তিমূলে তাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এদিকে উপ–সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে যথারীতি ঐ সারের ব্যবস্থা নেওয়া হবে।