admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ মার্চ, ২০২৪ ৯:৫৫ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন,স্টাফ রিপোর্টার:ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাজু (১২) এবং ইদ্রিস আলীর ছেলে কাওসার আলী। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই ।
চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রইজ উদ্দিন সাজু বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে শিশু দুইটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া না গেলে স্বজনরা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে। এরপর ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
তিনি বলেন, অভিভাবকদের আরও সচেতন হতে হবে শিশু সন্তানরা কোথায় যাচ্ছে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে আমাদের ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুদের বেশি মৃত্যু হচ্ছে। এজন্য ছোট থেকে সকলকে সাঁতার শেখানো উচিত।
এ ঘটনার পরে স্বজনদের কান্নায় এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাকিবুল আলম বলেন, শিশু দুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার পূর্বে তারা মৃত্যুবরণ করে।
ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে যাই এবং উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এবি এম ফিরোজ ওয়াহিদ বলেন, লাশ হাসপাতাল মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে পরিবার কাছে হস্তান্তর করা হবে।